বাল্যবিবাহ: শ্রীঘরে জামাই-শ্বশুর
বাল্যবিবাহের ঘটনায় জামাই ও শ্বশুরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
হলফনামার মাধ্যমে মাদ্রাসায় অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়ের বয়স বাড়িয়ে তাকে গোপনে বিয়ে দিয়েছিলেন বাবা। তিন দিন আগে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। আজ বুধবার মেয়ে বিদায়ের আয়োজন করা হয়। হঠাৎ করেই দুপুরে অনুষ্ঠানে উপস্থিত হন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আখতার। ইউএনওকে দেখেই বর পালিয়ে যান সবাই। মেয়ের বাবাকে আটক করে ইউএনওর কার্যালয়ে আনা হয়। কিছুক্ষণ পর বরকেও আটক করে পুলিশ। পরে মেয়েটির বাবা ও বরকে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ও থানা সূত্রে জানা যায়, এলাকার দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীর বয়স হলফনামার (অ্যাফিডেভিট) মাধ্যমে বয়স বাড়ানো হয়। ৯ এপ্রিল মেয়েটিকে গোপনে বিয়ে দেওয়া হয়। আজ বুধবার বাবার বাড়ি থেকে মেয়ের বিদায়ের আয়োজন করা হয়। অনেক লোকজনের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। হঠাৎ করেই দুপুরে অনুষ্ঠানে উপস্থিত হন ইউএনও আফরোজা আখতার। ইউএনওর আসা দেখে বিয়ের আসর থেকে বর ও বরপক্ষের লোকজন পালিয়ে যান। সেখান থেকে মেয়ের বাবাকে আটক করা হয়। এ ঘটনার দুই ঘণ্টা পর বরকেও আটক করে ইউএনও কার্যালয়ে আনা হয়। তাঁদের দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আখতার। পুলিশ সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও ইউএনও আফরোজা আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের অপরাধে মেয়ের বাবা ও বরকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিবাহের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
মেয়ের বাবা বলেন, ‘মেয়ে বড় হয়েছে ভেবে বিয়ে দিয়েছিলাম। এখন বুঝলাম কাজটি ঠিক করিনি।’