বাল্যবিবাহকে কেন্দ্র করে বরের বাবা ও মেয়ের মাকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের ঘটনাকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুর উপজেলায় বরের বাবা ও রাজশাহীর বাঘায় এক মেয়ের মাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার এ দুটি ঘটনা ঘটে।
গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সঙ্গে শরীফুল ইসলাম (২৩) নামের এক যুবকের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ঘটনা জানতে পারে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন খবরে গত রোববার রাতে সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বরের বাড়িতে গিয়ে হাজির হয়। ভয়ে বর-কনে ও তাঁদের আত্মীয়স্বজন বাড়ি ছেড়ে পালান। ঘটনাস্থল থেকে বরের বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন গতকাল সোমবার বলেন, কনের বাবা ও বিয়ে পড়ানো কাজিকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে বাঘায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত মেয়েটির মাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আদালত পরিচালনা করেন।
ইউএনও বলেন, মেয়েটির বিয়ের আয়োজন করা হচ্ছে জানতে পেরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিয়ে নিষেধ করেছিলেন। কিন্তু মেয়ের মা শোনেননি। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ছেলেপক্ষের লোকজন পালিয়ে যান। মেয়েটির বয়স কম। বাবাও নেই। বাধ্য হয়েই মেয়ের মাকেই এক মাসের কারাদণ্ড দেন।