বাল্যবিবাহমুক্ত ইউনিয়নে ছাত্রীর বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) বিয়ে দেওয়ায় গতকাল শনিবার ওই ছাত্রীর বাবা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্যকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রামগতি উপজেলা ইউএনও এস এম শফি কামাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে গত সেপ্টেম্বরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী চরআলগী ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন।
এস এম শফি কামাল জানান, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে তার বাবা মো. মহিউদ্দিন ১৯ অক্টোবর নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ে দেন। রামগতির চরআলগী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ওমর ফারুক ওই বিয়ে আয়োজনে সহযোগিতা করেন। খবর পেয়ে গতকাল মহিউদ্দিন ও ওমর ফারুককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় ওমর ফারুককে ছয় হাজার টাকা ও মহিউদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।