বাল্যবিবাহমুক্ত ঘোষণার এক দিন পর...
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলোটাকা ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার একদিন পরই ওই ইউনিয়নের এক গ্রামে বাল্য বিবাহ দিতে গিয়ে দণ্ডিত হলেন কনের বাবা ও আরেকজন। গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত কনের বাবা ও গ্রাম্য মাতব্বরকে ২৫ দিন করে কারাদণ্ড দেন।
গত শনিবার ষোলটাকা ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান প্রথম আলোকে বলেন, কনে ছিল সপ্তম শ্রেণির ছাত্রী। গতকাল রাতে তার বাবা পাশের গ্রামে তাকে বিয়ে দিচ্ছিলেন। তাঁকে এ কাজে সহায়তা করছিলেন গ্রামেরই এক মাতব্বর। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে এ দুজনকে ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
রাহাত বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে এ উপজেলায় অভিযান নিয়মিতভাবে চলছে। খবর পাওয়ামাত্র সেখানে ছুটে যাওয়া হবে।