বাল্যবিবাহে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে জিন তাড়ানোর নাম করে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। পরে তানজিলা আকতার (১৪) নামের এই কিশোরীকে গত রোববার রাতে অসুস্থ অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না গ্রামের। পুলিশ জানায়, ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ কিশোরীর বোন জেসমিন ও ভগ্নিপতি মো. মিলনকে গ্রেপ্তার করেছে। মামলায় এ দুজন ছাড়াও মেয়েটির বাবা মো. জাহাঙ্গীর খান, মা হেলেনা বেগম ও গ্রাম্য ওঝা (কবিরাজ) সালমা বেগমকে আসামি করা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তানজিলা অভিযোগ করে জানায়, সে গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। বেশ কিছুদিন ধরে তার বাবা-মা, বোন-ভগ্নিপতি তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এতে রাজি না হওয়ায় গত রোববার দুপুরে তাকে জিনে ধরেছে বলে অপপ্রচার চালিয়ে স্থানীয় ওঝা সালমা বেগমকে ডেকে আনেন। ঝাড়-ফুঁকের নামে তিনি চিকিৎসা শুরু করেন। বাবা বেদম মারধর করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন রাতে তার চাচি শিউলী বেগম ও চাচা পান্না মিয়া তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর গতকাল সোমবার সকালে তানজিলা বাদী হয়ে বরগুনা থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করে।
তানজিলা আরও অভিযোগ করে, এর আগেও একাধিকবার তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তার বাবা-মা। এ অবস্থায় একবার বাড়ির পাশেই চাচার বাড়িতে আশ্রয় নিয়েছিল সে। ওই সময় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে অভিযোগ করলে সেযাত্রায় বাল্যবিবাহের হাত থেকে রেহাই পায়।
মেয়েটির অবস্থা সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুল ইসলাম গত কাল সন্ধ্যায় বলেন, ‘কিশোরীর শরীরে মারধরের চিহ্ন রয়েছে। তবে শারীরিক অসুস্থতার চেয়ে সে মানসিকভাবে বেশি অসুস্থ।’
মামলার বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, অভিযোগ তাঁরা খতিয়ে দেখছেন। এরই মধ্যে জেসমিন ও মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।