বাল্যবিবাহে রাজি না হওয়ায় নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীর (১৫) ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। জন্মের সময় সে মাকে হারায়। এরপর থেকে সে থাকে সদর উপজেলায় নানার বাড়িতে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, ১৫ বছর আগে ওই ছাত্রীর জন্মের সময় তার মা মারা যান। এরপর তার সৌদিপ্রবাসী বাবা বিয়ে করেন। ছয় মাস বয়সে তার নানা তাকে তাঁর বাড়িতে নিয়ে যান।

পরিবার সূত্রের ভাষ্যমতে, গত ৩০ মে স্কুল থেকে বাড়ি ফেরার পর সৎমামা এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তবে এতে সে রাজি হয়নি। সে আরও পড়াশোনা করবে বলে মামাকে জানায়। এতে মামা ক্ষিপ্ত হয়ে কুড়ালের হাতল দিয়ে ওই ছাত্রীকে পেটান। এ সময় নানি তার মুখে রুটি তৈরির বেলন ঢুকিয়ে দেন। এ সময় সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে গ্রাম্য এক কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা করানো হয়। তবে অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় গত সোমবার ওই ছাত্রী নানাবাড়ি থেকে পালিয়ে দাদির কাছে চলে যায়। পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় মামা ওই ছাত্রীকে ফিরিয়ে আনতে যান। কিন্তু সে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ওই বাড়ি থেকে চলে যান। এরপর গত বুধবার ওই ছাত্রীকে জেলা শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে ওই ছাত্রীকে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়। এ সময় তার পাশে ছিলেন দাদি। তিনি বলেন, মা মারা যাওয়ার পর তিনি নাতনিকে তাঁর কাছে রেখে লালনপালন করতে থাকেন। তবে ছয় মাস বয়সে নানাবাড়ির লোকজন তাকে নিয়ে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে নাতনিকে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। সেখানে নানি ও সৎমামা তাঁর নাতনিকে নানাভাবে কষ্ট দিতেন।

ওই ছাত্রী বলল, কয়েক বছর আগে এক ব্যক্তির কাছ থেকে তার মামা ৫০ হাজার টাকা ধার নেন। কিন্তু পরিশোধ করতে না পারায় ওই ব্যক্তির (দুই সন্তানের বাবা) সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেন। কিন্তু সে পড়ালেখা করবে, বিয়ে করবে না জানালে তার ওপর নির্যাতন চালানো হয়।

চিকিৎসক জানান, মেয়েটিকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এ ছাড়া মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত।

এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই ছাত্রীর দাদি বাদী হয়ে নানি ও মামাকে আসামি করে সদর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।