বাল্যবিবাহের অপরাধে পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাল্যবিবাহে জড়িত থাকার অপরাধে গতকাল রোববার ঘটক, কাজিসহ পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় বয়স বাড়িয়ে জন্মসনদ দেওয়ার অপরাধে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানকে ১১ জানুয়ারি পাথরঘাটা উপজেলা নির্বাহী হাকিমের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. রবিউল ইসলাম গতকাল দুপুরে স্থানীয় খাসকাচারী মাঠে ওই আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাল্যবিবাহে জড়িত থাকার অপরাধে কাজি আবদুস ছালামকে (৪৫) এক মাস, ঘটক আবদুল হাকিম (৬৫) ও বর আলামিন পহলানকে (২২) ২০ দিন করে, বরের বাবা ইউনুছ পহলান (৪০) ও কনের বাবা হারুন ফকিরকে (৪৫) ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের গতকাল বিকেলে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।