বাল্যবিবাহের আয়োজন বরসহ চারজন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ আয়োজন করায় বরসহ চারজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মরিচবাড়ী গ্রামে গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

শাস্তি পাওয়া চারজন হলেন বর খলিলুর রহমান (২৯), বরের বাবা ইয়াছিন আলী (৫৮), কনের বাবা (৫৫) এবং বিয়ে পড়াতে আসা মৌলভি রেজাউল করিম (৩১)। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল তাঁদের আদিতমারী থানার পুলিশ জেলা কারাগারে পাঠায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মরিচবাড়ী গ্রামের এক মেয়ের (১৫) সঙ্গে একই উপজেলার দক্ষিণ গোবধা গ্রামের ইয়াছিন আলীর ছেলে খলিলুর রহমানের বিয়ে ঠিক হয়েছিল। মেয়ের বাবা ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে মেয়ের বয়স বাড়িয়ে ১৮ বছর করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর বর ও কনের বাবা লালমনিরহাট নোটারি পাবলিক কার্যালয় থেকে কনের বয়স বাড়িয়ে বিয়ের এফিডেভিট করেন। এরপর  তাঁরা সদর উপজেলার মোগলহাটের কর্ণপুর গ্রামের মৌলিভ রেজাউল করিমকে বিয়ে পড়াতে ডাকেন।

আদিতমারীর ইউএনও জহুরুল  বরসহ চারজনকে দন্ডিত করার কথা নিশ্চিত করেছেন।