বাল্যবিবাহের আয়োজন, বরসহ তিনজনের সাজা
বাল্যবিবাহের আয়োজন করায় বরসহ তিনজনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন দক্ষিণ কলেজপাড়া এলাকার শাহ আলম (১৯), তাঁর বাবা জমির উদ্দিন ও কনের বাবা।
সদর থানার পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শাহ আলমের বিয়ে পাকাপাকি হয়। বুধবার বিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ওই ছাত্রী বিয়েতে রাজি হয়নি। এ জন্য তাকে মারধর করেন তার বাবা-মা। বাধ্য হয়ে সে সন্ধ্যায় মুঠোফোনে তার বিয়ের কথা সহপাঠীদের জানায়। তারা প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিষয়টি জানালে শিক্ষকেরা প্রশাসনকে জানান। পরে নির্বাহী হাকিম সাজেবুর রহমান পুলিশসহ বিয়েবাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি শাহ আলম, জমির উদ্দিন এবং কনের বাবাকে এ সাজা দেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে নির্বাহী হাকিম সাজেবুর রহমান সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।