বাল্যবিবাহের আসর থেকে গ্রেপ্তার ৩
নাটোরের লালপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করায় বাবাসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মাঝগ্রামের শাহাদত হোসেন (৪০) মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন টাঙ্গাইলের এক যুবকের সঙ্গে। গতকাল দুপুরে বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ বিয়েবাড়িতে উপস্থিত হয়। তবে এর আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যান বর।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, পুলিশ কনের বাবা শাহাদত হোসেন, বরের ভগ্নিপতি মুক্তার আলী (৩০) ও আবু তাহের (৫৫) নামের বরের এক আত্মীয়কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ইউএনও নজরুল ইসলাম শুনানি শেষে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। পরে তাঁদের নাটোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি সাবালক না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে পরিবারকে সতর্ক করা হয়েছে।