বাল্যবিবাহের আয়োজন আটজনের কারাদণ্ড
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত রোববার রাতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়। এ ঘটনায় আট বরযাত্রীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই আদালত জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের ও অন্যজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার একটি বাড়িতে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান সেখানে অভিযান চালান। এ সময় বর ও কনে পালিয়ে যায়। তবে বরের ভাইসহ আট বরযাত্রীকে আটক করা হয়। পরে ওই রাতেই নির্বাহী হাকিম আজিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এদিকে একই আদালত জুয়া খেলার অপরাধে আমিনুর রহমানকে (৪৩) ১৫ দিনের ও সাদেকুল ইসলামকে (৩০) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার যেখানেই বাল্যবিবাহের সংবাদ পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, এভাবে অভিযান চালিয়ে সাজা দেওয়া হলে বাল্যবিবাহ অনেকাংশে কমে যাবে। একসময় পুরোপুরি বন্ধ হবে।
গতকাল সোমবার হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, দণ্ডপ্রাপ্ত ১০ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।