বাল্যবিবাহের করুণ পরিণতি
জেএসসি পরীক্ষার আগেই ১৩ বছর বয়সে স্বামীর ঘরে যেতে হয়েছে আফিজাকে। স্বামীর সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ১৭ বছর। এ কারণে স্বামীর চাহিদা বুঝতে ব্যর্থ এই বালিকাবধূ নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে তিন দিন ধরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় নির্যাতিতা আফিজা নিজেই বাদী হয়ে গত বুধবার বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার আসামিরা হলেন তার স্বামী মো. সবুজ হোসেন (২৯), শাশুড়ি আরোস জান (৪৫) ও সবুজের ভাবি রেহেনা বেগম (৩০)। অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপন করেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, মহিলা ওয়ার্ডের ৫ নম্বর বেডে নির্যাতিতা মেয়েটি ঘুমাচ্ছে। পাশেই বসে অঝোরে কাঁদছে তার মা সোহাগী বেগম। তিনি এই প্রতিনিধিকে বলেন, ‘যৌতুক দিতে হবে না ভেবে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। কিন্তু মেয়েটির এমন পরিণতি হবে, বুঝতে পারিনি।’ তিনি এই নিষ্ঠুর নির্যাতনের বিচার দাবি করেন।
চিকিৎসক অপু মো. ইউসুফ হোসেন বলেন, মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও নার্সদের দেওয়া তথ্যমতে আফিজার শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ৬০-১০০টি ছ্যাঁকার দাগ রয়েছে। সে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। একই সঙ্গে শারীরিক ও মানসিকভাবে বিপদাপন্ন হয়ে পড়েছে। তার ক্ষত শুকাতে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে।
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ গ্রামের আফসার আলীর মেয়ে আফিজা। তিন ভাই ও দুই বোনের মধ্যে আফিজা সবার ছোট। বাড়ির পাশেই বড়াইগ্রামের কচুগাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। ২০১৪ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার আগেই বড়াইগ্রাম উপজেলার সীমান্ত কচুগাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে সবুজ হোসেনের (২৯) সঙ্গে ১০ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সবুজ পেশায় মাটিকাটা শ্রমিক।
গুরুদাসপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নীলুফা ইয়াসমিন বলেন, মেয়ের পরিবারটি দরিদ্র ও অসচেতন। মেয়ের সংসার রক্ষার জন্য এত মাস নীরবে নির্যাতন সয়েছে। অবস্থা বেগতিক বুঝে ৫ জুলাই পরিবারের সদস্যরা মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে বিচার প্রার্থনা করে। এই সেলের মাধ্যমেই বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে। পরিবারটিকে নারী নির্যাতন প্রতিরোধ সেল প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার এ বিষয়ে অবগত আছেন।
ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, অল্প বয়সে বিয়ের করুণ পরিণতি হচ্ছে এই বালিকাবধূ। তিনি দেশবাসীকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।