বাল্যবিবাহের করুণ পরিণতি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণিতে পড়ত বর্ষা খাতুন (১৬)। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে হয়েছিল তার। পাঁচ মাস আগে স্থানীয় হাসু মিয়ার (২৮) সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বর্ষার। গতকাল শুক্রবার সন্ধ্যায় সেই বর্ষার লাশ পাওয়া গেছে হাসপাতালে। এ ঘটনায় পুলিশ বর্ষার শাশুড়ি হোসনে আরা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে। গা ঢাকা দিয়েছেন বর্ষার স্বামী।

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ঘটনাটি ঘটেছে। হাসু পেশায় বাসের হেলপার। বর্ষা তাঁর দ্বিতীয় স্ত্রী। বর্ষার পরিবারের সদস্যদের অভিযোগ, যৌতুক না পেয়ে বর্ষাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অন্যদিকে হাসু মিয়া ও তাঁর মা হোসনে আরা বেগমের বক্তব্য, বর্ষা ঘরের ছাদের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন এ ঘটনাকে বাল্যবিবাহের কুফল হিসেবেই মনে করছেন।

বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম ঝাঁড়পাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে বর্ষা। বর্ষার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় চিলাপাক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। পাশের রাধানগর ইউনিয়নের ডাঙ্গীরপড় গ্রামের হাসু মিয়ার সঙ্গে প্রেম ছিল তার। সেই সূত্রেই বিয়ে। কিন্তু স্বামীর ঘর করার পাঁচ দিন পরই বাবার বাড়িতে চলে আসে বর্ষা। আর ফিরে যেতে চায়নি সে। আবার স্কুলে যাওয়া শুরু করেছিল বর্ষা। এতেই রেগে যান হাসু মিয়া।

বর্ষার বাবা রফিকুল ইসলামের অভিযোগ, বর্ষা ১৬ ডিসেম্বর স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে যায়। এটা জানতে পেরে হাসু স্কুলে গিয়ে সবার সামনে পিটিয়ে বর্ষাকে টেনে-হিঁচড়ে তাঁর বাড়িতে নিয়ে যান। গতকাল বিকেলে জানানো হয়, বর্ষা আত্মহত্যা করেছে। রফিকুলের অভিযোগ, বিয়ের পর দুই লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবর মিলে বর্ষাকে শ্বাসরোধে হত্যা করেছেন। গতকাল রাতেই রফিকুল বাদী হয়ে বর্ষার শাশুড়ি হোসনে আরা বেগম ও স্বামী হাসু মিয়াসহ চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করছে হাসুর পরিবার। পুলিশের হাতে আটক বর্ষার শাশুড়ি হোসনে আরা বেগম বলেন, ‘বর্ষা আত্মহত্যা করেছে। তাকে কেউ ফুলের টোকাও দেয়নি।’

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হাই প্রথম আলোকে বলেন, বর্ষাকে মৃত অবস্থায় রিকশা ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

হাসু মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জোর করে বর্ষাকে বাড়িতে নিয়ে আসা হয়নি। তাকে মারধরও করা হয়নি। শুক্রবার দুপুরে ঘুম থেকে উঠে তিনি স্ত্রীকে ঘরের ছাদের বাঁশে ঝুলন্ত অবস্থায় পান। তিনি বলেন, ‘শুক্রবার সকালে সে বাবার বাড়িতে যেতে চেয়েছিল। আমি বলেছিলাম বিকেলে যাব। এইটুকুই আমার অপরাধ। সে ছিল অত্যন্ত আবেগী মেয়ে।’

দামোদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য একরামুল হক বলেন, ‘প্রেম সূত্রেই অপরিণত বয়সে বিয়ে হয় বর্ষার। বিষয়টি যখন জেনেছি, তখন করার কিছুই ছিল না। কিন্তু মেয়েটি কয়েক দিন সংসার করার পর বাবার বাড়িতে এসে আবার পড়াশোনা শুরু করে। এবার সে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শুনেছি মেয়েটিকে তার স্বামী স্কুল থেকে মারধর করে তুলে নিয়ে যাওয়ায় সে আত্মহত্যা করেছে। এটি বাল্যবিবাহের কুফল ও করুণ পরিণতি। এই ঘটনা থেকে অভিভাবকদের শিক্ষা নেওয়া উচিত।’

চিলাপাক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ‘বর্ষা মেধাবী শিক্ষার্থী ছিল। এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার বিয়ে হওয়ার খবর আমরা জানতাম না। পরে শুনেছি বিজয় দিবসের অনুষ্ঠান থেকে তার স্বামী জোর করে নিয়ে গেছে তাকে।’

বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম প্রথম আলোকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্ষার শাশুড়িকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।