বাল্যবিবাহের কারণে ঝরে পড়ল ২৩৭ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, টাঙ্গাইলের সখীপুর ও কিশোরগঞ্জের নিকলীতে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৩৪১ শিক্ষার্থী অংশ নেয়নি। তাদের মধ্যে ২৩৭ জনই ছাত্রী। বিয়ে হয়ে যাওয়ায় ছাত্রীদের মধ্যে অধিকাংশই পরীক্ষায় অংশ নিতে পারেনি। আর দারিদ্র্যের কারণে ছাত্ররা অংশ নেয়নি। স্থানীয়, পরিবার ও শিক্ষকদের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ২২টি উচ্চবিদ্যালয় থেকে ৪ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চারটি কেন্দ্রে গতকাল ১৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০১ জনই ছাত্রী। বিয়ে হওয়ার কারণে এরা পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে জানা গেছে। এর মধ্যে বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫১ জন, রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২০ জন, শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৯ জন এবং মরিচাকান্দি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১১ জন ছাত্রী অনুপস্থিত ছিল।

বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, তাঁদের বিদ্যালয়ের ১৩ জন ছাত্রীই বিয়ে হয়ে যাওয়ার কারণে পরীক্ষায় অনুপস্থিত রয়েছে।

ইউএনও মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘বিয়ে হয়ে যাওয়ায় অনেক ছাত্রী জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে জানতে পেরেছি। এ বিষয়ে সচেতন করতে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, এগুলো বাস্তবায়িত হলে বাল্যবিবাহের প্রবণতা কমে আসবে বলে আশা করছি আমরা।’

সখীপুর (টাঙ্গাইল): উপজেলায় জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সাতটি কেন্দ্রে ১৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তাদের মধ্যে ৮৯ জন ছাত্রী ও ৪২ জন ছাত্র। বিয়ে হয়ে যাওয়ার কারণেই ছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি। অন্যদিকে দারিদ্র্যের কারণে অনেক ছাত্র আয়-রোজগার শুরু করেছে। এ কারণে তারা ঝরে পড়েছে বলে জানা গেছে। উপজেলার জেএসসি মূল কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, এবার উপজেলায় ৪ হাজার ১৬৮ জন শিক্ষার্থীর জেএসসি এবং ৮৪২ জনের জেডিসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু গতকাল পরীক্ষা শুরু হলে ১৩১ জনের অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

উপজেলার সাড়াশিয়া-বাশারচালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কদ্দুস বলেন, তাঁর বিদ্যালয়ের চারটি মেয়ে পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র না নেওয়ার কারণে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি তাদের বিয়ে হয়ে গেছে। সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রতিটি বিদ্যালয়ে সভা-সমাবেশ করার জন্য আবারও চিঠি দেওয়া হবে।

নিকলী (কিশোরগঞ্জ): উপজেলায় ৬২ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষা দিচ্ছে না। এরই মধ্যে ৪৭ জন মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় পরীক্ষা দিতে পারছে না। নিকলী জেএসসি পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, এবার উপজেলায় ১ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী জেএসসি এবং ১৩টি স্কুল ও ২৯৫ জন শিক্ষার্থীর জেডিসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। এর মধ্যে ১০টি বিদ্যালয়ের ৩৯ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে না। আর তিনটি মাদ্রাসার আটজন ছাত্রী জেডিসি পরীক্ষায় অংশ নেয়নি। উপজেলার জারুইতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন বলেন, তাঁর বিদ্যালয়ের নয়জন জেএসসি পরীক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে পাঁচজন ছাত্রীর বিয়ে হয়ে গেছে। ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আমিন চৌধুরী বলেন, বিয়ে হওয়ায় তাঁদের বিদ্যালয়ের দুজন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবীব বলেন, বিয়েগুলো গোপনে হয়েছে। পরীক্ষার পর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে ও এর কুফল সম্পর্কে উপজেলা হলরুমে একটি সমাবেশ করা হবে।