বাল্যবিবাহের চেষ্টা সৌদিপ্রবাসীকে জরিমানা
বিয়ের আসর থেকে আটক করা হয়েছে এক সৌদিপ্রবাসীকে। কিশোরীকে বিয়ে করার অপরাধে গত মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়। বান্দরবান জেলা শহরের ক্যচিংঘাটায় এ ঘটনা ঘটেছে। সৌদিপ্রবাসীকে গতকাল বুধবার ১০ হাজার টাকা জরিমানা ও বিয়ে না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে বাল্যবিবাহের সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে তিনি ক্যচিংঘাটায় যান। সেখানে বিয়ের আসরে কিশোরী ও সৌদিপ্রবাসী নূরুল হুদাকে পাওয়া যায়। পরে বিয়ের আয়োজন ভেঙে দেওয়া হয়।
তবে কিশোরীর বড় ভাই সাদাত হোসেন দাবি করেছেন, একটি মহলের চক্রান্তে তাঁর বোনের বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে ভর্তির বয়সের চেয়ে তাঁর বোনের প্রকৃত বয়স অনেক বেশি।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, নূরুল হুদা কিশোরীর সঙ্গে বিয়ের আয়োজনের জন্য ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও বিয়ে না
করার মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন।