বাল্যবিবাহের চেষ্টা, ৪০ বরযাত্রী আটক, মুচলেকায় মুক্তি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের নারায়ণপুর এলাকা থেকে গতকাল সোমবার বাল্যবিবাহের সময় ৪০ জন বরযাত্রীকে আটক করা হয়। বন্ধ করা হয় বাল্যবিবাহটি।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরের মা ও স্বজনদের মুচলেকায় বরযাত্রীরা ছাড়া পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার ভাদুঘরের আমিনুল ইসলামের (৩২) সঙ্গে একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর গতকাল দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ইউএনও দুপুর ১২টার দিকে স্থানীয় এক ইউপি সদস্যকে কনের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে মেয়ে ও ছেলেপক্ষ ব্রাহ্মণবাড়িয়া শহরে বিয়ের প্রস্তুতি নেয়। ইউএনও একদল পুলিশ নিয়ে আখাউড়া পৌর শহরের নারায়ণপুর বাইপাস এলাকায় অবস্থান নেন। বরযাত্রীরা মাইক্রোবাসে এলে ৪০ জনকে আটক করা হয়।
ইউএনও মো. আহসান হাবীব তাঁর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, সন্ধ্যায় বরের মা ও কয়েকজন স্বজন মুচলেকা দেন ওই মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাঁরা এখানে ছেলেকে বিয়ে করাবেন না। পরে বরযাত্রীদের ছেড়ে দেওয়া হয়।