বাল্যবিবাহের চেষ্টার দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে ১৩ বছরের এক কিশোরীকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন মো. রফিক (৫৫) নামের এক ব্যক্তি। খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তি ও কিশোরীর বাবা-মাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকের বাড়ি রাউজানের নোয়াপাড়া এলাকার কচুখাইন গ্রামে। ওই কিশোরীর বাড়ি বোয়ালখালীতে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার বিয়ের প্রস্তুতি নিয়ে ওই কিশোরীর বাড়িতে যান রফিক। রফিক আগেও বিয়ে করেছেন। তাঁর তিন সন্তানও আছে। রফিকের স্ত্রীর কাছ থেকে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রফিকের স্ত্রী ইয়াসমিন আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী রফিক তাঁদের সঙ্গে থাকেন না। খোরপোশও দেন না। এ নিয়ে আদালতে মামলা চলছে।

ইউএনও কাজী মাহবুবুল আলম বলেন, মো. রফিক, ওই কিশোরীর বাবা ও মাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ থেকে বিরত থাকবেন—এ মর্মে তাঁদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।