বাল্যবিবাহের দায়ে বর-কনে, কাজির কারাদণ্ড
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাল্যবিবাহের আয়োজনের সময় বিয়ের আসর থেকে বর, কনে ও বিয়ে পড়ানোর কাজিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত ওই তিনজনকেই এক মাস করে কারাদণ্ড দেন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেড়বাড়ি গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাসির উদ্দিনের (২৫) সঙ্গে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগানচালা এলাকার আতিকুর রহমানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আইরিন আক্তারের (১৩) বিয়ের আয়োজন চলছিল। বরের বাড়িতে আবদুল্লাহ (৫৫) নামের এক নিবন্ধনহীন কাজি বিয়ে পড়াচ্ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বিয়ের আসর থেকে বর, কনে ও কাজিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আজ বিকেলে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে তিনজনের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।
এদিকে এর আগে বিকেল পাঁচটায় ওই আদালত সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাতেম আলী সিকদারকে (৪৫) উপজেলার খাদ্যগুদামে অনধিকার প্রবেশের দায়ে এক হাজার টাকা জরিমানা করেন।