বাল্যবিবাহের শিকার ছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরজাহান
নুরজাহান

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহের শিকার এক মাদ্রাসাছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। গত বুধবার এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম নুরজাহান (১৩)। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর বনচকিপাড়া গ্রামের দিনমজুর নুরুল ইসলামের মেয়ে। বাড়ির পাশে ওসমানপুর বাহরুল উলুম ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত সে।
ছাত্রীর প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ রাতে একই ইউনিয়নের ফকিরগঞ্জ চান্দুনীপাড়া গ্রামের লাভলু মিয়ার (২৮) সঙ্গে নুরজাহানের গোপনে বিয়ে দেওয়া হয়। লাভলুর এটি দ্বিতীয় বিয়ে। প্রায় তিন মাস আগে তাঁর প্রথম স্ত্রী তাঁকে তালাক দেন। তাঁর সঙ্গে এ বিয়েতে নুরজাহান রাজি ছিল না। জোর করে বিয়ে দিলে সে আত্মহত্যা করবে এমন হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু কেউ আমলে নেননি। বাবা-মা জোর করে মেয়েটির বিয়ে দেন। বিয়ের রাতেই তাকে স্বামীর বাড়ি পাঠানো হয়। সেখানে তিন দিন অবস্থানের পর সে বাবার বাড়ি ফিরে আসে। সে স্বামীর ঘরে ফিরে যেতে চাইছিল না। গত সোমবার লাভলু মিয়া শ্বশুরবাড়ি আসেন। নুরজাহান যেতে রাজি না হওয়ায় তিনি এই বাড়িতেই অবস্থান করেন। শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য নুরজাহানের ওপর চাপ সৃষ্টি করা হয়। তাকে মারধর করা হয়। এই পরিস্থিতিতে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাবা-মা ও স্বামীর উপস্থিতিতেই বাড়িতে থাকা কীটনাশক পান করে সে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা দুইটার দিকে নুরজাহানের মৃত্যু হয়।
প্রতিবেশী আফছার আলী প্রথম আলোকে বলেন, ‘আমি নুরজাহানদের বাড়ির পাশে কাজ করছিলাম। চিল্লাপাল্লা শুনে দৌড়ে যাই। গিয়ে শুনি মেয়ে বিষ খাইছে। তার অবস্থা খারাপ। মুখ দিয়া ফেনা ভাঙছে। পরে নুরজাহানকে গুরুতর অবস্থায় তার স্বামী লাভলু মিয়া রিকশাভ্যানে তুলে হাসপাতালে নিয়ে যায়।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে জানতে চাইলে নুরজাহানের বাবা নুরুল ইসলাম বলেন, ‘মুই গরিব মানুষ। মেয়ের বিয়াও দেছে ওর (নুরজাহানের) মা। মুই কিছুই জানো না।’ এ সময় নুরজাহানের মা রহিমা বেগম বলেন, ‘আমার দুই ছেলে ও দুই মেয়ে। নুরজাহান সবার বড়। স্বামী দিনমজুরি করে সংসার চালাতে পারেন না। মেয়েটি মাথার ওপর বোঝা ছিল। লাভলু আমার ননদের ছেলে। সে যৌতুক ছাড়াই আমার মেয়েকে বিয়ে করে। বিয়েতে মেয়ে রাজি ছিল। তারে স্বামীর ঘরে পাঠাতে কোনো মারধর করা হয়নি।’
গতকাল দুপুরে লাভলু মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা লাইলী বেগম বলেন, ‘বউকে আনতে গত সোমবার আমার ছেলে শ্বশুরবাড়ি যায়। এরপর শুনি বউ (নুরজাহান) বিষ খাইছে।’
উপজেলার ওসমানপুর বাহরুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক জাকির হোসেন বলেন, ‘নুরজাহান কত দিন ধরে মাদ্রাসায় আসেনি তা খেয়াল করিনি। আজ (গতকাল) জেডিসি পরীক্ষার নিবন্ধন করার জন্য তাকে ক্লাসে খুঁজতে গিয়ে শুনি সে আত্মহত্যা করেছে।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ‘বুধবার নুরজাহানের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রংপুর কোতোয়ালি থানার পুলিশ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। মেয়েটির মৃত্যুর কারণ আমরা জানি না। কোনো অভিযোগও আমাদের কাছে নেই।’