বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, কনের বাবার কারাদণ্ড
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার দায়ে কনের বাবাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে রজব আলীকে দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রজব আলীর মেয়ে স্থানীয় গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রজনী খাতুনের সঙ্গে একই গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়। খবর পেয়ে মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল রাতেই কনের বাড়িতে হাজির হয়। সেখানে কনের বাবার সঙ্গে কথা বলে বিয়ে দেওয়ার চেষ্টার সত্যতা পান জেলা প্রশাসক। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে কনের বাবাকে সাত দিনের কারাদণ্ড দেন নির্বাহী হাকিম নূরে আলম। রাতেই রজব আলীকে জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নূরে আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কনের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়া এবং তার লেখাপড়া চালিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে কনের পরিবার।