বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। আজ শুক্রবার দুপুর তিনটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নে এই আয়োজন করা হয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, আলফাডাঙ্গায় ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক যুবকরে সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়। এ খবর পেয়ে নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ আবুল খায়ের ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেন। তিনি বাল্য বিয়ে আয়োজনের দায়ে বর, বরের বড় ভাই ও মেয়ের অভিভাবক মেয়ের চাচাতো ভাইকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ের উদ্যোগ নেওয়া হবে না বলে মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলেকা আদায় করেন।
মেয়ের অভিভাবক ওই চাচাতো ভাই বলেন, আর্থিক সংগতি না থাকায় ওই শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না, তাই মেয়ের বিয়ের উদ্যোগ নেওয়া হয়। এ কথা শুনে ইউএনও মেয়েকে অবৈতনিক হিসেবে পড়ার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেন।
ইউএনও মোহাম্মদ আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ১৯২৯ সালের বাল্য বিয়ে নিরোধ আইনে এ জরিমানা করা হয়।