বাল্যবিয়ের দায়ে কনের বাবাসহ দুজনের কারাদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলায় বাল্যবিয়ের দায়ে কনের বাবাসহ এলাকার মাতব্বরকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান ওই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত বলছেন, এলাকার মাতব্বরের বাড়িতে মাধ্যমিক পড়ুয়া ওই মেয়ের বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিবাহের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরসহ বিয়ের আয়োজকেরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কনের বাবা ও মাতব্বরকে আটক করেন।
আদালতের বিচারক রাহাত মান্নান আটক ব্যক্তিদের ২৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। টাকা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডাদেশ দেন।
রাহাত মান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আটক দুজনকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। বরসহ তাঁর পক্ষের লোকজনদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।