বাস কাউন্টার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ
পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরে বাস কাউন্টারের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল মঙ্গলবার যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পৌর যুবলীগের সহসভাপতি নুর সায়েদ (৩৮) ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার খলিফাকে (৩৫) জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন পৌর ছাত্রলীগের কর্মী আল আমিন (৩৮), সাদ্দাম হোসেন (৩৭), তুহিন (৩৫) ও ব্যবসায়ী আসমত আলী (৫৭)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, ‘আমরা কুয়াকাটার কাউন্টার পরিচালনা করার জন্য যুবলীগের ছেলেদের নিয়োগ দিয়েছি। আজকে সেই কাউন্টার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ছাত্রলীগের একটি পক্ষ হামলা করেছে। হামলায় কাউন্টারের ক্ষতি হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর সাগর মোল্লা ও পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মনির শরীফের নেতৃত্বে ১০-১২ জন সাত-আট বছর ধরে পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন কুয়াকাটা এলাকার বাস কাউন্টার পরিচালনা করে আসছেন। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক আল আমীন কাজির নেতৃত্বে একটি পক্ষ রামদা, ছেনি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে কাউন্টার দখল করতে যায়। এ সময় সাগর মোল্লার নেতৃত্বে যুবলীগের পক্ষ বাধা দিলে সংঘর্ষ বাধে। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে পর্যটকেরা ভয়ে ছোটাছুটি করে নিরাপদ স্থানে সরে যান।
পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর রহমান বলেন, ‘যুবলীগ কাউন্টারটি একতরফা ভোগদখল করত। এ নিয়ে কথা বলতে গেলে কাউন্টারের নিয়ন্ত্রণে থাকা আনোয়ার খলিফা ও যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জয়নাল শেখের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর একটু হাতাহাতি হয়েছে।’