বাস ছাড়তে দেরি হওয়ায় চালককে পিটিয়ে হত্যা
রাজধানীতে গতকাল সোমবার রাতে শিবু চন্দ্র দে (৪০) নামের একজন বাসচালক নিহত হয়েছেন। পরিবহনশ্রমিকদের অভিযোগ, বাস ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদের কিল-ঘুষিতে নিহত হয়েছেন শ্যামলী পরিবহনের এই বাসচালক।
গতকাল সোমবার রাত ১২টার দিকে কয়েকজন পরিবহনকর্মী বাসচালক শিবু চন্দ্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই বাসটির হেলপার শামীমের অভিযোগ, তাঁদের বাসটি সায়েদাবাদ থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বাস ছাড়তে কিছুটা বিলম্ব হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ জনপথ মোড়ে উত্তেজিত কয়েকজন যাত্রী শিবুকে কিল-ঘুষি দেন। শিবুর সঙ্গে যাত্রীদের হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শামীম দাবি করেন, পরিবহনশ্রমিকেরা ঘটনার জন্য দায়ী তিন যাত্রীকে আটকে রেখেছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন জানান, ‘শুনেছি যাত্রীদের সঙ্গে ওই চালকের ঝামেলা হয়েছে। কীভাবে তিনি মারা গেলেন, তা জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’
কাফরুলে হত্যা: পৃথক ঘটনায় গতকাল রাতে কাফরুলে রুবেল মিয়া (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। রুবেল কাফরুল থানা ‘বঙ্গবন্ধু সৈনিক লীগে’র সাধারণ সম্পাদক ছিলেন বলে দাবি স্বজনদের। পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, রাজনৈতিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রুবেল।
কাফরুল থানার এসআই আবুল হোসেন জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, রাজনৈতিক আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।