বাস ছিনতাই করে রাতভর ডাকাতি, চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল ডাকাত যাত্রীবেশে বাসে উঠে ওই বাস নিয়ে গত বুধবার রাতে ঢাকার সাভার, গাজীপুর, ময়মনসিংহ ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে সবকিছু লুটে নিয়েছে। আশুলিয়া থানার পুলিশ গাজীপুরের শ্রীপুর থেকে চার ডাকাতসহ বাসটি আটক করেছে।
এই চার ডাকাত হলেন কাজী শান্ত (২৬), রিয়াজ উদ্দিন (২৫), আবুল হোসেন (২৬) ও শান্ত (২৭)। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, জামালপুর সদরের বেলটিয়া গ্রামের এম এ মামুন ১২ লাখ টাকায় একটি মিনিবাস কেনেন। তিনি নিজেই বুধবার রাতে বাসটি চালিয়ে টাঙ্গাইলে নিয়ে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশে ডাকাতের দল বাসে উঠে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তারা রাতভর ওই বাস নিয়ে ডাকাতি করে।
এম এ মামুনের ভাষ্য অনুযায়ী, তিনি বুধবার রাত আটটার দিকে টাঙ্গাইলের উদ্দেশে গাবতলী ছেড়ে আসেন। বেড়িবাঁধ হয়ে যাওয়ার পথে মাজার রোড থেকে তাঁর বাসে যাত্রীবেশে পাঁচ ডাকাত ওঠেন। এরপর নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার জিরানি বাসস্ট্যান্ড থেকে ওঠেন আরও পাঁচজন। কয়েক কিলোমিটার যাওয়ার পর কবীরপুর থেকে ওঠেন আরও পাঁচ ডাকাত। সেখান থেকে কয়েকজন যাত্রী ওঠেন।
মামুন বলেন, কবীরপুর বাসস্ট্যান্ড ছাড়ার পরপরই ডাকাতেরা অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর কবীরপুর থেকে ওঠা যাত্রী ও তাঁকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে বাসের পেছনের আসনে ফেলে রাখেন তাঁরা। পরে দলটি বাস নিয়ে বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে যাত্রী তুলে তাঁদের সর্বস্ব লুটে নেয়। এভাবে সারা রাত চলে।
আবদুল আলিম নামের এক যাত্রী বলেন, ডাকাতেরা বাসটি তাঁদের নিয়ন্ত্রণে নেওয়ার পর কালিয়াকৈরের চন্দ্রা, গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, আবদুল্লাহপুর ও বেড়িবাঁধ হয়ে গাবতলী এবং ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মানিকগঞ্জ যান। এরপর মানিকগঞ্জ থেকে চন্দ্রা, চৌরাস্তা ও ভালুকা হয়ে যান ময়মনসিংহে। সেখান থেকে মহাখালী ফেরার পথে শ্রীপুরের মাওনা এলাকায় পুলিশ বাসটি আটক করে।
আবদুল আলিমের বর্ণনামতে, ডাকাতেরা বিভিন্ন বাসস্ট্যান্ডে থামিয়ে বাসে যাত্রী তুলে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে প্রথমে মারধর করেন। পরে তাঁদের কাছ থেকে সবকিছু লুটে নিয়ে নিরাপদ স্থানে নামিয়ে দেন। আবার অনেককে হাত-পা ও মুখ বেঁধে বাসেই আটকে রাখেন।
ডাকাতির শিকার ভালুকার সিডস্টোর বাজারের সোহাগ ও দুলাল শেখ বলেন, তাঁরা বুধবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে যাওয়ার উদ্দেশে সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড থেকে ওই বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই ডাকাতেরা তাঁদের মারধর করে টাকা ও মুঠোফোন নিয়ে যান। এরপর হাত-পা ও মুখ বেঁধে বাসের পেছনে আটকে রাখেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, বাসটি ছিনতাই হওয়ার খবর পেয়ে সড়ক ও মহাসড়ক-সংলগ্ন সব থানায় খবর পাঠানো হয়। এরপর সাতটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন মহাসড়কে অভিযান চালিয়ে গাজীপুরের মাওনা থেকে ভোর সাড়ে চারটার দিকে বাসটি আটক করা হয়। এ সময় চার ডাকাতকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যান।