বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয়জন। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের ভুলু মণ্ডলের ছেলে শ্যামা মণ্ডল (৩০) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের নারায়ণ দাসের ছেলে মানিক দাস (২৮)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা এসএ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় দুজন যাত্রীর পেটে লোহার অ্যাংগেল ঢুকে গেলে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সে সময় বাসের আরও অন্তত নয়জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও বাস আটক করেছে। তবে দুটি গাড়িরই চালক পলাতক রয়েছেন। মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।