বাস ডাকাতি করে পালানোর সময় চারজন আটক
নাটোরের বড়াইগ্রামে চালককে ছুরি মেরে বাস ডাকাতি করে পালানোর সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনি দিয়ে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা পার হওয়ার পর এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর এলাকার লুৎফর রহমানের ছেলে রেজাউল করিম (২৭), ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের আরশেদ আলীর ছেলে মাজিদুল ইসলাম (৩২), কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসের (৪০) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানিকচাপড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজিজুল হক (২৭)।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, গতরাতে উত্তরা পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যাচ্ছিল। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা পার হলে যাত্রীবেশে থাকা ডাকাতেরা অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এতে বাধা দেওয়ায় বাসের চালক আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের ঝন্টুকে ছুরিকাঘাত করে তাঁরা। পরে তাঁরা বাসের যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে বনপাড়া-লালপুর সড়কের ভবানীপুর মোড়ে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসের যাত্রীদের চিৎকার শুনে গ্রামবাসী ধাওয়া করে ডাকাত দলের চার সদস্যকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে ওই চারজনকে গণপিটুনি দিয়ে তাঁরা পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে আটক চারজন নাটোর সদর হাসপাতাল ও বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বাসের চালক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।