বাস থামানোর দাবিতে অবরোধ, ভাঙচুর
যশোর-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের বারীনগর এলাকায় গতকাল শনিবার দুপুরে দুই ঘণ্টা অবরোধ করে তিনটি যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস থামানোর দাবিতে শিক্ষার্থীরা এ ভাঙচুর চালান।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মাস খানেক আগে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে সড়কের দুই প্রান্তের দুটি গতিরোধক অপসারণ করা হয়। চালকেরা এখন আর কলেজ গেটে বাস থামাতে চান না। যে কারণে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এক ছাত্র চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে আহত হন। খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও শিক্ষকেরা রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা তিনটি বাসের কাচ ভাঙচুর করেন বলে জানা গেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি ইনামুল হক বলেন, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলা হবে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।