নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড় এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী বাস থামিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাই হয়েছে। পরে বাসটির চালক ও সহকারীকে মারধর করে পুলিশে দিয়েছেন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফালান চন্দ্র দাস ও প্রদীপ চন্দ্র ঘোষ নামের দুই স্বর্ণ ব্যবসায়ী ঢাকা থেকে উৎসব পরিবহনের একটি বাসযোগে নারায়ণগঞ্জে ফিরছিলেন। বিকেল পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় এলাকায় পৌঁছালে বাসটির গতি রোধ করে তিনটি মোটরসাইকেলযোগে আসা নয়জন দুর্বৃত্ত। তারা বাসে উঠে অস্ত্রের মুখে জিম্মি করে ফালানের কাছে থাকা সাত লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ে। বাসটি চাষাঢ়ায় পৌঁছালে যাত্রীরা এর চালক দেলোয়ার হোসেন (৪৩) ও সহকারী জাফরকে (৪২) মারধর করেন। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
ব্যবসায়ী ফালান চন্দ্র দাস বলেন, তিনি ও প্রদীপ চন্দ্র ঘোষ নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ও রুপা বিক্রির সাত লাখ টাকা নিয়ে তাঁরা গতকাল ঢাকা থেকে বাসযোগে ফিরছিলেন। দুর্বৃত্তরা পিছু নিয়েছে বিষয়টি টের পেয়ে তাঁরা বাস না থামাতে নিষেধ করলেও চালক ও সহকারী তা শোনেননি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট ফতুল্লার ভুঁইগড় এলাকায় উৎসব পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সামনে ককটেল ফাটিয়ে সেটির গতি রোধ করে তিনটি মোটরসাইকেলযোগে আসা নয়জন দুর্বৃত্ত। পরে তারা বাসে উঠে ফতুল্লার বাসিন্দা ঢাকার মোতালেব প্লাজার মুঠোফোন ব্যবসায়ী নূরুল ইসলামকে গুলি করে হত্যা করে এবং তাঁর কাছে থাকা ৩০ লাখ টাকা ছিনিয়ে নেয়।