বাস থেকে ফেলে হত্যার চেষ্টা
নাটোরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এসবি পরিবহনের এক বাস তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। লালপুর উপজেলার গড়মাটি এলাকায় ঢাকা-কুষ্টিয়া সড়কে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম আহসান হাবীব। তিনি বাস তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আহসান হাবীব বলেন, তিনি গতকাল সকালে ঢাকার চান্দুরায় কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকার আব্দুর রশিদ অটো রাইস মিলের সামনে তাঁকে নামিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু বাসের সুপারভাইজার তাতে রাজি হয়নি। তখন উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
দুপুর ১২টার দিকে বাসটি ওই মিলের সামনে পৌঁছালে আহসান হাবীব চালকের সম্মতি নিয়ে দরজার কাছে দাঁড়ান। বাসটি থামার আগেই সুপারভাইজার তাঁকে পেছন থেকে ধাক্কা দেন। তখন তিনি বাসের নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঈশ্বরদীর আকলিমা ক্লিনিকে ভর্তি করেন। তাঁর সহকর্মী নাজমুল হাসান বলেন, আহসানের ডান হাতের হাড় ভেঙে গেছে।
গড়মাটি এলাকার প্রত্যক্ষদর্শী মসলেম উদ্দিন বলেন, বাস থেকে একটা মানুষ পড়ে যেতে দেখে তিনি সেখানে ছুটে যান। কিন্তু বাসটি না থেমে পাবনার দিকে চলে যায়।
এ ব্যাপারে এসবি পরিবহনের কুষ্টিয়া কাউন্টারের মুঠোফোনে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।