বাস থেকে লাফিয়ে পালিয়েছেন আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় শামীম (২০) নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। আজ বুধবার দুপুর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

শামীম নাটোর সদর উপজেলার সাইফুল ইসলামের ছেলে। তিনি ২০১৪ সালে ফতুল্লা থানা এলাকার একটি হত্যা মামলার আসামি।

নাটোর জেলা পুলিশের গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) মো. ইব্রাহীম বলেন, নারায়ণগঞ্জ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে শামীমকে নাটোরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর এহতেশাম নামের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলকে দিয়ে মঙ্গলবার তাঁকে নারায়ণগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। পথে সাভার থেকে তিনি পালিয়ে যান।

ঢাকার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, শামীমকে হানিফ পরিবহনের একটি বাসে করে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। বাসটি মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতুর কাছে যানজটে আটকা পড়ে। এ সময় শামীম সুযোগ বুঝে জানালা দিয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যান। আজ দুপুর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামীম ফতুল্লা থানায় ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে তাঁর স্থানী নিবাস নাটোরে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। সেই অনুযায়ী নাটোরের পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।