বরিশালে মহাসড়কে আলফা-মাহিন্দ্রা চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাসমালিকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ পাঁচজন আহত হন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু-সংলগ্ন কর্ণকাঠী জিরো পয়েন্টে ওই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাওছার হোসেন জানান, দীর্ঘদিন ধরে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে আলফা-মাহিন্দ্রার চালকেরা অবস্থান নিয়ে বাস থেকে চাঁদাবাজি করছেন। তাঁদের সহযোগিতায়ই মহাসড়কগুলোতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলফা-মাহিন্দ্রা চলাচল করছে। এতে সড়কগুলোতে দুর্ঘটনা ঘটছে। গতকাল সকালে বাসে চাঁদাবাজি ও মহাসড়কে আলফা-মাহিন্দ্রা চলাচল করছে—শুনে বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলামসহ বাসমালিক ও শ্রমিকেরা সেখানে যান। ওই এলাকায় পৌঁছামাত্র স্থানীয় সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যাবসায়ী সুমন মোল্লার নেতৃত্বে মিলন মোল্লা, স্বপন মোল্লা, সেন্টু, মিন্টুসহ ২০-২৫ জন তাঁদের ওপর হামলা চালান।
হামলায় বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, বাসমালিক সমিতির সদস্য নয়ন দাস, শ্রমিক তহিদুল ইসলাম, নাসির উদ্দিন ও জসিম উদ্দিন আহত হন। আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত সুমন মোল্লা বলেন, সকালে তাঁর ভাই মিলন মোল্লা আলফা চালিয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। তখন বাসশ্রমিকেরা তাঁর ভাইকে মারধর করেন। এর প্রতিবাদ করতে গেলে আলফা-মাহিন্দ্রাচালকদের ওপর হামলা চালানো হয়। এতে আলফা ও মাহিন্দ্রার বেশ কয়েকজন চালক আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি আলফা-মাহিন্দ্রা ভাঙচুর করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফা কামাল বলেন, আইন অনুযায়ী আলফা-মাহিন্দ্রা মহাসড়কে চলতে পারবে না। কিন্তু যানচালকেরা তা মানছেন না। বিষয়টি নিয়ে বাস মালিক ও আলফা মালিক-চালকদের মধ্যে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।