বাসচাপায় শ্রমিক নিহতের ঘটনায় আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি বাসের চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় পৌনে চার ঘণ্টা অবরোধ করে রেখে ওই বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন ও আগুন দেন। গতকাল শনিবার সকালে উপজেলার টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী শ্রমিক ও পথচারীরা জানান, সকাল সাড়ে সাতটায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে ছেড়ে আসা ঢাকার গুলিস্তানগামী স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৈতী কম্পোজিট নামে একটি তৈরি পোশাক কারখানার পাশ দিয়ে যাচ্ছিল। তখন সড়ক পার হওয়ার সময় ওই কারখানার প্রিন্টিং শাখার শ্রমিক আমান হাওলাদার (১৯) ওই বাসে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় শ্রমিকেরা বাসটিকে ধাওয়া দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের ঢালুতে ফেলে রেখে পালিয়ে যান। এতে বাসের যাত্রীদের কেউ আহত হননি।
বাসের চাপায় শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার কয়েক হাজার শ্রমিক বেরিয়ে এসে লাঠি ও ইটপাটকেল নিয়ে প্রথমে যাত্রীবাহী বাসটিতে আগুন দেন। এ সময় তাঁরা অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
খবর পেয়ে সকাল সাড়ে আটটায় সোনারগাঁ থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তাঁরা মহাসড়ক অবরোধ কর্মসূচি চালাতে থাকেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বেলা ১১টায় অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ধাওয়া করলে তাঁরা পিছু হটেন। শ্রমিকেরা চলে যাওয়ার পর সোয়া ১১টায় যানবাহন চলাচল শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকায় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে কয়েক হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।
মহাসড়ক অবরোধের সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাম্যানের মোটরসাইকেল পুড়িয়ে দেন। তাঁরা কমপক্ষে ২০টি যানবাহন ভাঙচুর করেন।
চৈতি কম্পোজিটের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) বদরুল ইসলাম প্রথম আলোকে জানান, আমান হাওলাদারের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে পাঠানো হয়েছে। তিনি ওই গ্রামের কেরামত হাওলাদারের ছেলে।
সোনারগাঁ থানার ওসি কামরুল ইসলাম জানান, পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে।