বাসচাপায় ছাত্র নিহত সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের মজিদপুরের মাইক্রো ইনস্টিটিউট অব টেকনোলজির এক শিক্ষার্থী গত বৃহস্পতিবার বাসের চাপায় নিহত হন। এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের লাঠিপেটায় প্রতিষ্ঠানের শিক্ষক ও চার শিক্ষার্থী আহত হন।
এদিকে ঢাকা-টাঙ্গাইল সড়কে ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকায় গতকাল বাসচাপায় হাসনা বেগম (৩৩) নামের এক গৃহবধূ নিহত হন। এর প্রতিবাদে জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
মাইক্রো ইনস্টিটিউট অব টেকনোলজির নিহত শিক্ষার্থীর নাম পীযূষ চৌধুরী (১৮)। তিনি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টায় প্রতিষ্ঠানের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে ল্যাবজোন হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এরপর তাঁরা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। অবরোধের কারণে সড়কে হাজারো যান আটকা পড়ে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে অবরোধকারী লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় শিক্ষক শফিকুল ইসলাম ও চার শিক্ষার্থী আহত হন।