বাসচাপায় নারী নিহত ওসিকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় কুমারভোগ এলাকায় বাসচাপায় গতকাল শুক্রবার এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার হামলায় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন আহত হন।
নিহত পথচারীর নাম পারভিন আক্তার (৩৫)। তিনি কুমারভোগ গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী। তাঁর পৈতৃক বাড়ি শ্রীনগর উপজেলার মনষাপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় যাওয়ার পথে দোলা পরিবহনের বাস ঢাকা-মাওয়া মহাসড়কে কুমারভোগ এলাকায় পারভিন আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জনতা মহাসড়ক অবরোধ করে। এদিকে খবর পেয়ে লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন ও এএসআই মিজানুর রহমান মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান। এ সময় ওসি অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার কথা বললে তাঁর সঙ্গে অবরোধকারীদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে অবরোধকারীরা ওসির ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন। তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
কয়েকজন এলাকাবাসী বলেন, অবরোধ তুলে নেওয়ার জন্য ওসি এসে জনতাকে সরিয়ে দেওয়া চেষ্টা করেন। একপর্যায়ে তিনি লাঠিপেটা করলে জনতা উত্তেজিত হয়ে পড়ে।
হামলার বিষয়ে জানতে ওসি মোল্লা জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সামছুজ্জামান বলেন, ওসির বিরুদ্ধে লাঠিপেটার অভিযোগটি সত্য নয়। অবরোধকারীরা পুলিশকে দেখেই উত্তেজিত হয়ে পড়ে। তারা ওসির ওপর হামলা করে। হামলার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ছুটে যান। তিনি ওসিকে উদ্ধার করেন এবং জনতাকে বুঝিয়ে মহাসড়ক অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন।
সহকারী পুলিশ সুপার বলেন, নিহত পারভিনের পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।