বাসচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানার এক নারী শ্রমিক গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা বলেন, সকাল আটটার দিকে রাস্তা পার হওয়া সময় ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক আলেয়া বেগমকে (৪২) যাত্রীবাহী বাস চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার অন্য শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। বাসের চালককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক সাজেদা আক্তার বলেন, ‘আমাদের কারখানার সামনে মহাসড়কের ওপর স্পিড ব্রেকার (গতিরোধক) না থাকায় প্রায় সময়ই সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত ও অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। গত দুই বছরে কমপক্ষে সাতজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।’
জানতে চাইলে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পরে শ্রমিকেরা কাজে যোগদান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, সড়ক অবরোধে সৃষ্ট যানজটের কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।