বাসচালক ও সুপারভাইজারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসার পথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চালক ও সুপারভাইজার যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার ছাত্রীটির মা ঠাকুরগাঁওয়ের নরেশ চৌহান সড়কে হানিফ এন্টারপ্রাইজের বাস কাউন্টারে এ বিষয়ে অভিযোগ করেন।
ওই ছাত্রীর মা বলেন, শনিবার রাত সাড়ে আটটায় তাঁর মেয়ে হানিফ এন্টারপ্রাইজের ঠাকুরগাঁও কাউন্টার থেকে বাসে ওঠেন। তাঁর পাশের আসন খালি ছিল। সুপারভাইজার ওই আসনে বসেন। একপর্যায়ে সুপারভাইজার তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি মুঠোফোন নম্বর চান। পথে বিরতির সময় শৌচাগারে গেলে সুপারভাইজার তাঁর পিছু নেন। গতকাল ভোরে বাসটি ঢাকার গাবতলী এলাকায় পৌঁছানোর পর বাসের চালক ও সুপারভাইজার তাঁর মেয়েকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। মেয়েটি কৌশলে ঘটনাটি মুঠোফোনে তাঁর স্বজনদের জানান। পরে স্বজনেরা এসে মেয়েটিকে সেখান থেকে নিয়ে যান।
গতকাল বেলা ১১টার দিকে ছাত্রীটির মা নরেশ চৌহান সড়কে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে ব্যবস্থাপক নারায়ণ দাসের কাছে অভিযোগ করেন।
এ ব্যাপারে নারায়ণ দাস বলেন, ‘বাসের সুপারভাইজার ও চালকের বিরুদ্ধে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পেয়েছি। বিষয়টি প্রধান কার্যালয়ে জানিয়েছি। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পরে খবর পেয়ে ছাত্রীর মায়ের সঙ্গে কথা বলেন ঠাকুরগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলেন, ‘মেয়েটির মায়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব।’
অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘ওই মায়ের অভিযোগ শুনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’