বাসচালককে আনসার কমান্ডারের পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে বাস থামানোর অপরাধে গতকাল মঙ্গলবার একজন বাসচালককে বেধড়ক পিটিয়েছেন আনসারের সহকারী কমান্ডার। এ ঘটনার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধের মাধ্যমে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ নিয়ে সমঝোতা বৈঠকে ওই আনসার কমান্ডার নিজের ভুল স্বীকার করলে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা-চরফ্যাশন পথের বর্ষা পরিবহনের একটি বাস গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড-সংলগ্ন জেলা আনসার ও ভিডিপির জেলা কার্যালয়ের সামনে থামে। এ সময় আনসারের সহকারী কমান্ডার মো. আবু সুফিয়ান ওই বাসের চালক মো. সিদ্দিককে (৪৫) কার্যালয় প্রাঙ্গণে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক জেলা বাস শ্রমিক ইউনিয়ন ভোলা-চরফ্যাশন সড়কের মধ্যে কয়েকটি খালি বাস রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ওই সময় আবু সুফিয়ানের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাঁর শাস্তির দাবি জানান। বেলা সাড়ে ১১টার দিকে আবু সুফিয়ান কার্যালয় থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে এলে শ্রমিকেরা ‘ধর, ধর’ বলে তাঁকে ধাওয়া দেন। আবু সুফিয়ান বাসস্ট্যান্ডের একটি বিপণিবিতানে আশ্রয় নেন।
বাসচালক মো. সিদ্দিক বলেন, ‘আনসার-ভিডিপির কার্যালয়ের সামনের জায়গা বাসস্ট্যান্ডেরই অংশ। সেখানে অন্য বাসচালকেরাও বাস থামান। আমি বাস রাখলে কমান্ডার সাহেব আমাকে ডেকে বেধড়ক মারধর করেন।’
বেলা দুইটার দিকে ভোলা বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ, রাজনৈতিক নেতাসহ ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের নেতৃত্বে সমঝোতা বৈঠক বসে। এ সময় সহকারী আনসার কমান্ডার আবু সুফিয়ান শ্রমিকদের কাছে নিজের ভুল স্বীকার করেন।
বৈঠক শেষে আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘বাসস্ট্যান্ড থেকে কার্যালয়ের দূরত্ব কমপক্ষে ২০০ হাত। তবু বাসচালকেরা কার্যালয়ের সামনে বাস রেখে যানজটের সৃষ্টি করে। এতে অফিসিয়াল কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। বারবার বলা সত্ত্বেও বাসচালকেরা নিষেধ উপেক্ষা করে বাস পার্কিং করছে। সকালে আমার মেজাজ খারাপ হওয়ায় ওই চালকের সঙ্গে দুর্ব্যবহার করেছি—যা ঠিক হয়নি। আমি বিষয়টি মীমাংসার জন্য বাসস্ট্যান্ডে গিয়েছিলাম। কিন্তু শ্রমিকেরা আমাকে মারার জন্য ধাওয়া করেছে।’
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘বাস মালিক সমিতি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সমঝোতা হওয়ায় বেলা আড়াইটার দিকে আমরা অবরোধ তুলে দিয়েছি।’