বাসচালককে মারধর প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বাসচালককে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আহত চালক আবদুর রহিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বহনকারী বাস চালান। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী কয়েকটি বাস প্রতিদিন পাবনা জেলা শহর দিয়ে যাওয়া-আসা করে। গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রীদের বহনকারী বাসটি শহরের ট্রাফিক মোড় এলাকায় যানজটে পড়ে। এ সময় ওই সড়কে কিছু মোটরসাইকেলও আটকা পড়ে।

মোটরসাইকেলে থাকা পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক সোহাগ হোসেন এবং আরও কয়েকজন যুবক যানজটের জন্য বাসচালক আবদুর রহিমকে দায়ী করে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তাঁরা বাসচালককে বেদম মারধর করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ প্রসঙ্গে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন, মারপিটের কোনো ঘটনা ঘটেনি। ওই বাসচালক ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় তাঁরা শুধু এর প্রতিবাদ করেন।

এদিকে গতকাল শনিবার সকালে এ খবর জানতে পেরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে তাঁরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চলার পর বেলা একটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।