বাসযাত্রী ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় মামলা
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বোমা ফাটিয়ে বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।
গত সোমবার রাত ১০টার দিকে ঢাকা থেকে উৎসব পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জের বাসায় ফেরার পথে ওই সড়কের ভূঁইগড়ের মাহমুদনগর এলাকায় খুন হন মুঠোফোন ব্যবসায়ী নুরুল ইসলাম। খুনিরা বাস থামিয়ে ভেতরে উঠে গুলি করে হত্যার পর তাঁর একটি ব্যাগও নিয়ে যায়। এর প্রায় ৪৮ ঘণ্টা পরও পুলিশ হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার বা লুণ্ঠিত ব্যাগটি উদ্ধার করতে পারেনি।
মামলার এজাহারে নিহত নুরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমীন ওই ব্যাগে কী ছিল তা নির্দিষ্ট করে জানেন না বলে উল্লেখ করেন। এ ছাড়া হত্যার কারণ, সম্ভাব্য হত্যাকারীদের সম্পর্কেও কোনো ইঙ্গিত দিতে পারেননি তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান বলেন, নিহত ব্যক্তির স্ত্রী কতিপয় দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার তদন্তকারী সংস্থার ধারণা, ব্যবসায়িক বা অন্য কোনো বিরোধের জেরেই পেশাদার খুনিদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। কিছু অগ্রগতিও হয়েছে। তবে তা বলার মতো নয়। বাস থেকে উদ্ধার করা মুঠোফোন খুনিদের কারও নয় বলে পুলিশ মোটামুটি নিশ্চিত।