বাগ্বিতণ্ডার জেরে একজন বাসযাত্রীকে মারধর করে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাসচালক ও তাঁর সহকারীদের বিরুদ্ধে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটেছে।
নিহত যাত্রীর নাম আবদুল আউয়াল (৩২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। পরিবার সূত্র জানায়, আউয়ালের দাদি খায়রুন নেছা গত শনিবার দিবাগত রাতে মারা যান। তাঁর জানাজায় যোগ দেওয়ার লক্ষ্যে আউয়াল তাঁর ছোট ভাই আল-আমিন, ছোট বোন ফরিদা আক্তার, ভগ্নিপতি সাইফুল ইসলাম ও ভাগনি কুলসুম আক্তারকে সঙ্গে নিয়ে গতকাল সকাল সাড়ে ছয়টায় ঢাকার সায়েদাবাদ থেকে লক্ষ্মীপুরগামী একটি লোকাল বাসে চড়ে রওনা হন। গাড়িটি বিভিন্ন জায়গায় থেমে ধীরে ধীরে চলার কারণে আউয়াল তাঁর দাদির জানাজায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েন। বিষয়টি নিয়ে অভিযোগ করতে গিয়ে চালক ও তাঁর সহযোগীদের সঙ্গে তিনি বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
আউয়ালের ছোট বোন ফরিদা আক্তার অভিযোগ করেন, বাসটি বাউশিয়ায় পৌঁছানোর পর চালক অন্য প্রায় ১৫ জন যাত্রীকে নামিয়ে গাড়িটি ফাঁকা একটি জায়গায় নিয়ে যান। সেখানে তিনি সহযোগীদের নিয়ে আউয়ালসহ পাঁচজনের ওপর ঝাঁপিয়ে পড়েন। ফরিদার অভিযোগ, বেদম মারধরের একপর্যায়ে আউয়ালকে রাস্তায় চলন্ত একটি গাড়ির নিচে ফেলে দেওয়া হয়।
পরিবার জানিয়েছে, পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আউয়ালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, তাঁরা ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
আউয়ালের স্ত্রী রোজিনা আক্তার বলেন, তাঁর স্বামী ঢাকার মুগদাপাড়ায় একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতেন। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
অভিযুক্ত গাড়িচালক ও তাঁর সহযোগীদের পরিচয় গতকাল রাত নয়টা পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভুইয়া বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার পর মামলা নেওয়া হবে।