বাসযাত্রীকে পিষ্ট করে হত্যার অভিযোগে চালক আটক
বাস ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এক যাত্রীকে মারধর করে ও বাসের চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের দুই ভাই আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গাজীপুরের সাইনবোর্ড এলাকার কারখানা শ্রমিক সুজিত রায় (২৫)। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকায়। আহতেরা হলেন টিটু (২৫) ও তাঁর ভাই পিন্টু (২২)। তাঁরা গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার শ্রমিক সুজিত রায় তাঁর বোন লিপি রানী, পিন্টু, টিটু, ও টিটুর স্ত্রী ঝুমকা রানী গাজীপুরের উদ্দেশে নেত্রকোনার কেন্দুয়া থেকে সকাল আটটার দিকে নিলয় পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে কম সিট খালি থাকায় তাঁরা চারজনের সিটে পাঁচজন বসেন। কন্ডাক্টরের সঙ্গে কথা ছিল সে চার সিটের ভাড়া নেবে। কিন্তু বেলা একটার দিকে চান্দনা চৌরাস্তায় এসে বাস থেকে নামার সময় পাঁচ সিটের ভাড়া দাবি করে কনডাক্টর। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। বাস থেকে নামার সময় বাসের হেলপার, কনডাক্টর ও তাদের সহযোগীরা মিলে সুজিত রায়সহ তিন ভাইকে মারধর করে। একপর্যায়ে ইট দিয়ে সুজিতের মাথায় আঘাত করে এবং ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেয়। এ সময় চালক বাসটি দ্রুত চালাতে থাকলে সুজিত ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মামাতো বোন লিপি রানী জানান, ভাড়া নিয়ে ঝগড়া হয় বাসের কনডাক্টর ও চালকের সঙ্গে। এর জের ধরে তাঁদের মারধর করে ফেলে দেয়। সুজিত রাস্তায় পড়ে গেলে চালক ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর বাস তুলে দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাসটি জব্দ ও বাসের চালককে আটক করে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক দুলাল মিয়াকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।