বাসররাতে বরের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে বাসররাতেই লাশ হয়েছেন এক বর। গতকাল বৃহস্পতিবার সকালে বাসরঘরের পাশে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া যায়।
ওই বরের নাম আবদুর রহিম (৩৫)। তিনি সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামের বাসিন্দা ছিলেন।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সদর হাসপাতালে ময়নাতদন্ত করার পর গতকালই লাশ দাফন করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাদের বলেন, ঘটনাটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা, তা বোঝা যাচ্ছে না। আবদুর রহিম দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। গত ঈদে ছুটিতে তিনি বাড়ি এসেছেন। বুধবার তিনি বিয়ে করেন। তাঁর স্ত্রীর বয়স ১৩ বছর বলে জানা গেছে।’
নাটোর সদর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার পাশের খোলাবাড়িয়া গ্রামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন আবদুর রহিম। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে তিনি স্ত্রীকে নিয়ে বাসরঘরে ঢোকেন। বাড়ির অন্য সদস্যরাও ঘুমিয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে বাসরঘরের পাশের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পান। তখনো কনে ঘুমিয়ে ছিল। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।