বাসশ্রমিকদের দুর্ব্যবহার, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে গতকাল মঙ্গলবার বাসশ্রমিকেরা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে সকাল নয়টা থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

কয়েকজন শিক্ষার্থী বলেন, সকালে কোটালীপাড়া থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসছিল। বাসটি কাঠিবাজার এলাকায় এলে পরিবহন মালিক সমিতির সদস্যরা ‘লোকাল যাত্রী’ আছে কি না, দেখার নামে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁরা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পরিচয়পত্র দেখতে চান। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ওই সড়কের গোবরা এলাকায় বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধ করেন। এতে উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সমঝোতা হলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে যানবাহন চলাচল শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, পরিবহন নেতারা বিশ্ববিদ্যালয়ে এসে তাঁদের কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে তাঁরা প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সায়েদুল ইসলাম বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আমরা আশ্বাস দিয়েছি।’