বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ ছায়াবীথি ফনিরটেক এলাকায় গত রোববার মধ্যরাতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে কয়েকজন যুবক তাঁকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে জানা গেছে।
নিহত ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল থানার খারুয়া কাদিরাবাদ এলাকার ফজলুল হকের ছেলে মো. নয়ন মিয়া (২০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন তাঁর পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবীথি ফনিরটেক এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছুদিন আগে চাকরি ছেড়ে দিয়ে মহানগরের বিলাশপুর এলাকার জনৈক ক্যাশিয়ারের বাড়িতে ভাড়া ওঠেন। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে নয়নকে কয়েকজন যুবক তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে ফনিরটেক এলাকার একটি ধানখেতে ধারালো অস্ত্রে আঘাত করতে থাকে। পরে এলাকাবাসী তাঁর ডাকচিৎকার শুনে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত নিয়নের বাবা ফজলুল হক জানান, প্রায় ১৫ বছর ধরে পরিবার নিয়ে গাজীপুরে বিভিন্ন স্থানে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর দুই মেয়ে এক এক ছেলের মধ্যে নয়ন দ্বিতীয়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক হারুন-অর রশীদ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।