বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে মানিক শেখ (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার ভোরে পুলিশ জুরাইনের বউবাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
পরিবার বলছে, মানিক পোশাকশ্রমিক ছিলেন। তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে পুলিশ বলেছে, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে তিনি প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।
এ ছাড়া রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
কদমতলী থানার পুলিশ জানায়, মানিক শেখ জুরাইনে আফসার করিম রোডের বউবাজারে পৈতৃক বাড়িতে থাকতেন। গতকাল ভোর পাঁচটার দিকে বাড়ির পাশের গলি থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মানিকের মাথার পেছনে গুলির ও শরীরে চারটি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে মানিকের স্বজনেরা সাংবাদিকদের জানান, মানিক ছিলেন অবিবাহিত। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে এসে ছয়-সাতজন তাঁকে ডাক দেন। এ সময় মানিক তাঁর মাকে ‘বন্ধুরা ডাকছে, ওদের সঙ্গে দেখা করে আসতেছি’ বলে বেরিয়ে যান। তিনি দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় তাঁর মা ঘটনাটি সবাইকে জানান। রাতে তাঁরা বিভিন্ন স্থানে খুঁজেও মানিকের সন্ধান পাননি। ভোরে স্থানীয় লোকজন পাশের গলিতে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তাঁদের জানায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মানিকের বড় ভাই আমিন শেখ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, স্থানীয় মাদক-সন্ত্রাসী ওয়াসিম বাহিনী মানিককে ডেকে নিয়ে অন্যত্র খুন করে লাশ ফেলে গেছে। বাড়ির পাশের গলিতে খুন করা হলে প্রতিবেশীরা টের পেত। এ ঘটনায় ওয়াসিম ও তাঁর ছয়-সাতজন সহযোগীকে আসামি করে গতকাল কদমতলী থানায় হত্যা মামলা করেছেন তাঁর আরেক ভাই।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, নিহত মানিক মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হাতে মানিক খুন হয়েছেন।
চারজনের অস্বাভাবিক মৃত্যু: মোহাম্মদপুরের শের শাহ সুরি রোডের একটি বাড়ির পাঁচতলার ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে শনিবার রাতে গৃহকর্মী নাসিমা বেগমের (২৮) মৃত্যু হয়েছে। তিনি ওই বাড়ির পাঁচতলার একটি মেসে রান্না করতেন।
ওই মেসের সদস্য ফারুক হোসেন বলেন, ‘রাতে হঠাৎ গৃহকর্মীকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে যাই। ছাদে উঠে দেখি তিনি নিচে পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত দেড়টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। নাসিমা আদাবরে থাকতেন। তাঁর স্বামীর নাম আমিনুল ইসলাম।
মোহাম্মদপুর থানার ওসি মো. আজিজুল হক বলেন, গৃহকর্মী নাসিমার মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
শনিবার রাত একটার দিকে মহাখালী বাস টার্মিনালের কাছের সড়ক ঝাড়ু দেওয়ার সময় কাঁচামালভর্তি একটি ট্রাক ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মৌসুমী আক্তারকে (৩৫) চাপা দেয়। ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার এসআই মনিরুজ্জামান বলেন, চালক ট্রাকটি নিয়ে পালিয়েছেন। মৌসুমী স্বামী ও দুই মেয়ে নিয়ে মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন। তাঁর স্বামীর নাম মো. বাবুল মিয়া।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে ট্রাকের চাপায় মারা যান রিকশাচালক আরশাদ আলী (৩৫)। তিনি আদাবরের শেখেরটেক বস্তিতে থাকতেন।
গত ২৬ এপ্রিল দুপুরে পান্থপথের ফুটপাতে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল আটটার দিকে মারা গেছেন। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া মোশাররফ হোসেন জানান, ওই যুবকের মুখে তরলজাতীয় পদার্থ লেগে ছিল।
ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।