বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আসাদুজ্জামান সুজন ওরফে এতিম সুজন (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নগরের দক্ষিণ প্রান্তে ১৮ নম্বর ওয়ার্ডের আল আমিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদের পরিবারের অভিযোগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সদস্যসচিব কামরুল হাছান ওরফে মুন্নার নির্দেশে তাঁর ক্যাডাররা আসাদকে হত্যা করেছে।
শহরের নলুয়াপাড়া এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে আসাদ। তাঁর ছোট ভাই সুমনের ভাষ্যমতে, বেলা ১১টার দিকে রাসেল, জাবেদ ও জাহাঙ্গীর নামের তিন যুবক তাঁর ভাইকে কড়ইতলা এলাকার বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই স্থানীয় ব্যক্তিরা জানান, আসাদকে কুপিয়ে ফেলে গেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুমনের অভিযোগ, তাঁর ভাই আসাদ আগে কাউন্সিলর কামরুল হাছানের বড় ভাই প্রয়াত সাইদুল হাছান বাপ্পির হয়ে কাজ করতেন। সাইদুলের মৃত্যুর পর তাঁর ছোট ভাই কামরুল হাছান আসাদকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করতে চান। কিন্তু আসাদ তাতে রাজি না হওয়ায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন কাউন্সিলর কামরুল হাছান। এর আগেও তিনি তাঁর ক্যাডার বাহিনী দিয়ে আসাদের ওপর হামলা করেছিলেন।
সুমন অভিযোগ করেন, আসাদকে হত্যার ঘটনায় মামলা না করতে চাপ দিচ্ছেন কাউন্সিলর কামরুল হাছান। এ করণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসী জানান, ২০০১ সালে কাউন্সিলর কামরুল হাছানের বড় ভাই সাইদুলের মৃত্যুর পর আসাদ এতটাই শোকাতুর হন যে রাস্তায় বুক চাপড়ে চিৎকার করে বলতে থাকেন, ‘আজ থেকে এতিম হয়ে গেলাম’। সেই থেকে আসাদ এলাকায় ‘এতিম আসাদ’ হিসেবে পরিচিত পান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, আসাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কথা বলার জন্য কাউন্সিলর কামরুল হাছানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।