বাসা থেকে ডেকে নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা থেকে ডেকে নিয়ে চট্টগ্রামের হালিশহরের সবুজবাগ এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ (৪০) জমি ব্যবসায়ী। হামলায় আলী আকবর (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল মুঠোফোনে প্রথম আলোকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে নূর মোহাম্মদকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নূর মোহাম্মদের শ্বশুর আবুল ফয়েজ প্রথম আলোকে জানান, রাত সোয়া নয়টার দিকে কয়েক ব্যক্তি নূর মোহাম্মদকে তাঁর সবুজবাগের বাসা থেকে ডেকে নিয়ে যান। তাঁরা গুলি করে ও কুপিয়ে মারাত্মক জখম করে সবুজবাগ এলাকার ছখিনা মঞ্জিলের পাশের ড্রেনে ফেলে যান তাঁকে। এ সময় তাঁর সঙ্গে থাকা আলী আকবরকেও কুপিয়ে জখম করা হয়।
পুলিশ সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন নূর মোহাম্মদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর আলী আকবরের বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নূর মোহাম্মদের খালাতো ভাই রাশেদ জানান, জায়গা দেখার নাম করে সন্ত্রাসীরা তাঁকে ডেকে নিয়ে যায়। নূর মোহাম্মদ এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সবুজবাগ এলাকায় থাকতেন।
হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, নূর মোহাম্মদের পেটে গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর গলা ও হাতে জখম ছিল।