বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
রাজধানীর দক্ষিণ বাড্ডায় গতকাল বুধবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে দেলোয়ার হোসেন (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্বজনেরা জানান, দেলোয়ার গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটের একটি দোকানের কর্মচারী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দেলোয়ার সপরিবারে দক্ষিণ বাড্ডায় আল মদিনা নামে একটি বেকারির পেছনে এক বাসায় ভাড়া থাকতেন। সন্ধ্যায় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দেলোয়ারকে মুঠোফোনে ডেকে দক্ষিণ বাড্ডা জাগরণী সংসদ নামে একটি ক্লাবের পেছনে নিয়ে যায়। রাত আটটার দিকে সন্ত্রাসীরা সেখানে তাঁকে রিভলবার দিয়ে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। তাঁর বুকের বাঁ পাশে তিনটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় রাত নয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে দেলোয়ারের স্ত্রী লাকি আক্তার প্রথম আলোকে বলেন, চাঁদা না দেওয়ায় দক্ষিণ বাড্ডার সন্ত্রাসী নান্টু, সুমন ও উজ্জ্বল তাঁর স্বামীকে গুলি করে হত্যা করেছে। সন্ধ্যায় সন্ত্রাসী উজ্জ্বল তাঁর স্বামীকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, দেলোয়ার গুলশানে আসবাবের দোকানের শ্রমিক। আধিপত্য বিস্তার ও লেনদেন নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।