বাসা থেকে ডেকে নিয়ে শিশুকে হত্যা!
রাজধানীর বাড্ডার আফতাবনগরে বেড়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে নাহিন নামের ছয় বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির প্রতিবেশী মশিউরকে গ্রেপ্তার করেছে।
বাড্ডা থানার পুলিশ জানায়, নাহিন মা-বাবার সঙ্গে ভাটারার কুড়াতলি এলাকায় থাকত। বুধবার বিকেলে প্রতিবেশী তরুণ মশিউর রহমান নাহিনকে বেড়ানোর কথা বলে বাড্ডার আফতাবনগর প্রজেক্টে নিয়ে আসে। সন্ধ্যায় মশিউর বাসায় ফিরে যায়। নাহিন ফিরে না আসায় তার মা বাবা মশিউরের কাছে এ বিষয়ে জানতে চান। মশিউর নাহিনের কিছু জানেন না বলে জানান। একপর্যায়ে নাহিনের মা-বাবা মশিউরের প্যান্টে রক্তের দাগ দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে বাড্ডা থানায় জানালে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মশিউর হত্যার কথা স্বীকার করেন। মশিউর জানান, মাথায় ইট দিয়ে আঘাত করে নাহিনকে তিনি হত্যা করেছেন। পরে রাত পৌনে ১১টার দিকে মশিউরকে সঙ্গে নিয়ে আফতাবনগর প্রজেক্টের কাশবন থেকে নাহিনের লাশ উদ্ধার করা হয়। কেন নাহিনকে তিনি হত্যা করেছেন সে বিষয়ে মুখ খুলছেন না মশিউর। নাহিনের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।